মেডিকেল ভর্তিতে ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের সুযোগ নিয়ে যা জানা গেল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে |

২০২৬-২৭ মেডিকেল ভর্তি পরীক্ষা: ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে |
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা ঘিরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল—এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আপাতত মেডিকেল ভর্তি পরীক্ষায় এইচএসসি ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বহাল থাকছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ বিকালে শিক্ষাপথকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের বাদ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
ফলে পূর্বের নীতিমালার ধারাবাহিকতায় তারাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
স্বাস্থ্য শিক্ষা সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা বলেন, মেডিকেল ভর্তি নীতিমালা চূড়ান্ত করার আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। তবে ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের সুযোগ বাতিলের মতো কোনো সিদ্ধান্ত আসবে বলে আপাতত মনে হচ্ছে না।
এ কারণে শিক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে ভর্তি প্রস্তুতিতে মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী অংশ নেন।
ফল উন্নয়ন করে নতুন করে মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার লক্ষ্যেই তারা আবার পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের আগে চূড়ান্ত নীতিমালা ও যোগ্যতার বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কমিটির নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলে জানা যায় ।
উল্লেখ্য,গত ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
এর আগে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা এ সুযোগ বহালের দাবি জানিয়ে আসছিলেন।
ভর্তি পরীক্ষা এর আরও খবর
ঢাবি ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত! উঠে যেতে পারে লিখিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ৭ দিনেই বাজিমাত, তবে সরকারি কলেজে ভর্তিতে তীব্র প্রতিযোগিতা
মেডিকেল ভর্তিতে ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের সুযোগ নিয়ে যা জানা গেল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে |
মেডিকেল ভর্তি আবেদনে বড় চমক! জিপিএ বাড়ছে না, কমতেও পারে
বড় পরিবর্তনের ইঙ্গিত: মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে নভেম্বরেই!
