শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

ঢাবি ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত! উঠে যেতে পারে লিখিত পরীক্ষা

শিক্ষাপথ ডেস্ক
১৩ দিন আগে
ঢাবি ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত! উঠে যেতে পারে লিখিত পরীক্ষা
ঢাবি ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত! উঠে যেতে পারে লিখিত পরীক্ষা
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন ভর্তি পরীক্ষার বর্তমান কাঠামোয় সংস্কারের প্রস্তাব তুলেছেন। যদিও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, বিষয়টি ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষার পদ্ধতি, প্রশ্ন কাঠামো, আসন পুনর্বিন্যাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় লিখিত অংশ বাতিল করে সম্পূর্ণ এমসিকিউভিত্তিক পরীক্ষা নেওয়ার সম্ভাবনা।

জানা গেছে, বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান ও রসায়নকে বাধ্যতামূলক রেখে অতিরিক্ত চারটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতির ওপর জোর দেওয়া হয়। বিজনেস স্টাডিজ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের পক্ষ থেকেও একই ধরনের মতামত আসে।

News details square ads

অন্যদিকে জীববিজ্ঞান অনুষদের পক্ষ থেকে ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ও লেভেল ও এ লেভেল শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের পক্ষ থেকে এসব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ভর্তির সুযোগ দেওয়ার পক্ষে মত দেওয়া হয়।

সভায় ভর্তি পরীক্ষা সংস্কার নিয়ে একটি লিখিত প্রস্তাবও উপস্থাপন করা হয়, যেখানে পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়ন কাঠামো পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি সংগীত ও নৃত্যকলা বিভাগের আসন খালি থাকার বিষয় নিয়েও আলোচনা হয় এবং অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নিয়ে শূন্য আসন পূরণের প্রস্তাব আসে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত এটি প্রাথমিক পর্যায়ের আলোচনা। বিভাগগুলোর মতামত নেওয়ার পর বিষয়টি ডিনস কমিটি, অ্যাকাডেমিক কাউন্সিল এবং ভর্তি কমিটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। তাই এখনই নিশ্চিতভাবে কোনো পরিবর্তন কার্যকর হচ্ছে বলা যাচ্ছে না।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]