শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

এইচএসসি শেষেই ঢাবির ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি, তারিখ এখনো চূড়ান্ত নয়

শিক্ষাপথ ডেস্ক
৪ ঘণ্টা আগে
এইচএসসি শেষেই ঢাবির ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি, তারিখ এখনো চূড়ান্ত নয়
এইচএসসি শেষেই ঢাবির ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি, তারিখ এখনো চূড়ান্ত নয়
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

এইচএসসি শেষেই ঢাবির ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি, তারিখ এখনো চূড়ান্ত নয়

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পরপরই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। এ ধারাবাহিকতায় সবার আগে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি-সংক্রান্ত এক সভায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও সম্ভাব্য কিছু সংস্কার নিয়ে আলোচনা হয়। সভায় দুই উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

News details square ads

কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার জানান, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং শিগগিরই আবেদন ও পরীক্ষার সময়সূচিসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সভায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র চালুর বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে বিজ্ঞানভিত্তিক ‘ক’ ইউনিটে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি কার্যকর করার আগে আরও কয়েকটি সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটে আগে থেকেই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এখন অন্যান্য ইউনিটেও একই ধরনের ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

তিনি আরও জানান, ভর্তি কার্যক্রম শুরুর আগে এবং অনলাইন আবেদন শুরু হওয়ার পর আরও দুটি ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। এসব সভার সিদ্ধান্তের ভিত্তিতেই ভর্তি পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী আগস্টের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। সেখানে অনুমোদন মিললে নতুন ব্যবস্থার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাঠ্যক্রম বাংলা মাধ্যমের তুলনায় ভিন্ন হওয়ায় অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী হন না। তাদের জন্য উপযোগী প্রশ্নপত্র চালু হলে অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ভর্তি প্রক্রিয়ায় সম্ভাব্য সংস্কার নিয়ে প্রতিবছরের মতো এবারও আলোচনা চলছে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্রের বিষয়টিও সেই আলোচনার অংশ, তবে এটি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]