এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

দেশের সরকারি, বেসরকারি ও সশস্ত্র বাহিনী পরিচালিত মেডিকেল কলেজগুলোতে আজ থেকে শুরু হচ্ছে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১১ হাজার ৮৩৩ শিক্ষার্থী একযোগে নতুন শিক্ষাজীবনে প্রবেশ করছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ১০০টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এছাড়া ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত সাতটি মেডিকেল কলেজে ৪৫৫টি আসনে দেশি-বিদেশি শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন।
এ বছর এমবিবিএস ও বিডিএস কোর্সের যৌথ ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন পরীক্ষার্থী। প্রতিযোগিতাপূর্ণ ভর্তি প্রক্রিয়া শেষে নির্বাচিত শিক্ষার্থীরা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছেন।

নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, অনলাইনের মাধ্যমে দেশের ১১২টি মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীরা কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত থাকবেন। পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজে পৃথকভাবে নবীনবরণ আয়োজন করা হবে।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে “একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ” কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সারাদেশে প্রায় ১২ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা শিক্ষার চাপ মোকাবিলায় প্রতিটি মেডিকেল কলেজে বিশেষ মোটিভেশনাল লেকচারেরও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্বাস্থ্য খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নতুন এই ব্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে তারাই দেশের চিকিৎসা সেবার বড় অংশ পরিচালনা করবেন।
ক্যাম্পাস এর আরও খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন, শিক্ষায় আন্তর্জাতিকীকরণ ও দক্ষতা উন্নয়নে জোর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির নতুন ধাপ শুরু, ১৭ জুন প্রকাশ হচ্ছে বিষয় পরিবর্তন ও কোটার ফল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
ডেন্টাল কলেজে নবীনদের ক্লাস শুরু ৮ জুন, একযোগে ৩৪ প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশন
চিকিৎসকদের 'অমানবিক' শর্তের বেড়াজালে বাঁধার প্রতিবাদ: একযোগে সরব বুয়েট, ঢাবি ও চুয়েট
পরীক্ষায় বসলেই কি ফেল? পাসের হার মাত্র ২১%, চরম উদ্বেগে সাড়ে ১২ হাজার চিকিৎসকের ভাগ্য নির্ধারণ শুরু!
