শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন, শিক্ষায় আন্তর্জাতিকীকরণ ও দক্ষতা উন্নয়নে জোর

শিক্ষাপথ ডেস্ক
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন, শিক্ষায় আন্তর্জাতিকীকরণ ও দক্ষতা উন্নয়নে জোর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন, শিক্ষায় আন্তর্জাতিকীকরণ ও দক্ষতা উন্নয়নে জোর
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। শনিবার গাজীপুরে অনুষ্ঠিত অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন।

অধিবেশনে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা। ফলে বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা। অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৬২৫ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকা এবং ঘাটতি রয়েছে ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম।

সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে উপাচার্য বলেন, উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচির মাধ্যমে ৫০ হাজার শিক্ষার্থীকে দক্ষ করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

News details square ads

শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে নতুন ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের মাধ্যমে ম্যান্ডারিন, জাপানি, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখানো হবে। একই সঙ্গে দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর পাঠক্রম প্রণয়ন, স্নাতক পর্যায়ে ইংরেজি ও তথ্যপ্রযুক্তি কোর্স বাধ্যতামূলক করা, সিলেবাস সংস্কার এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

সবুজ ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে ২ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নৈতিক ও মানবিক শিক্ষা বিস্তারে এবং শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানানো হয়।

অধিবেশনে দেওয়া বক্তব্যে সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, চতুর্থ শিল্পবিপ্লব এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির এই সময়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান নয়, বরং এমন মানবসম্পদ তৈরি করা যারা পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।

সিনেট সদস্যরা আলোচনায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন। অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সিনেট সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি, সিন্ডিকেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]