শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

ঢাবি শিক্ষার্থীদের লিফট সংকট: ২৭ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ১৪টি লিফট

ডেস্ক রিপোর্ট
১ ঘণ্টা আগে
ঢাবি শিক্ষার্থীদের লিফট সংকট: ২৭ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ১৪টি লিফট
ঢাবি শিক্ষার্থীদের লিফট সংকট: ২৭ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ১৪টি লিফট
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফট সংকট: ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬টি অনুষদের প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসের ভবনগুলোতে যাতায়াতের জন্য লিফট রয়েছে মাত্র ১৪টি। অন্যদিকে, ১ হাজার ৩৯৫ জন শিক্ষকের জন্য বরাদ্দ রয়েছে ১২টি লিফট। শিক্ষার্থীদের সংখ্যা শিক্ষকদের তুলনায় প্রায় ১৯ গুণ বেশি হলেও লিফটের সংখ্যায় এই সামান্য ব্যবধান ব্যাপক ভোগান্তির সৃষ্টি করছে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কয়েকটি লিফট নিয়মিত বিকল হওয়ায় নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।

শিক্ষার্থী ও শিক্ষক লিফট অনুপাত

বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও একাডেমিক ভবনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৬ হাজার ৭২৭ জন শিক্ষার্থীর জন্য ১৪টি লিফট এবং ১ হাজার ৩৯৫ জন শিক্ষকের জন্য ১২টি লিফট রয়েছে। মোট ২৬টি লিফটের প্রায় ৫৪ শতাংশ শিক্ষার্থীদের জন্য এবং ৪৬ শতাংশ শিক্ষকদের জন্য নির্ধারিত। ব্যবহারকারীর সংখ্যার সঙ্গে লিফটের এই বণ্টনে বড় ধরনের অসামঞ্জস্য দেখা যাচ্ছে।

নিয়মিত বিকল ও আতঙ্কের কারণ

শিক্ষার্থীদের অভিযোগ, লিফটগুলো প্রায়শই মাঝপথে বন্ধ হয়ে যায়, ঝাঁকুনি দিয়ে থেমে যায় অথবা ভেতরে আলো ও ফ্যান বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থীরা লিফটে আটকা পড়ে আতঙ্কিত হন। এমনকি লিফট দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে অভিযোগ ও স্মারকলিপি দিয়েও স্থায়ী সমাধান না পাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

News details square ads

তুমি যদি কথা বলতে চাও, বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলো। হি ইজ দ্য রাইট পার্সন।

— অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাবির ট্রেজারার

অনুষদভিত্তিক লিফট পরিস্থিতি

  • কলা ভবন: ১৭টি বিভাগের ৭ হাজার ৫৭৫ শিক্ষার্থীর জন্য দুটি লিফট, ৩৪২ জন শিক্ষকের জন্যও দুটি।
  • সামাজিক বিজ্ঞান ভবন: ১৬টি বিভাগের প্রায় ৬ হাজার শিক্ষার্থীর জন্য দুটি লিফট, ৩৫১ জন শিক্ষকের জন্যও দুটি।
  • মোকাররম ভবন (পদার্থবিজ্ঞান): ৩ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য দুটি লিফট, দুই শতাধিক শিক্ষকের জন্য তিনটি।
  • ব্যবসায় শিক্ষা অনুষদ: নয়টি বিভাগের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য চারটি লিফট, ২৪০ জন শিক্ষকের জন্য দুটি।
  • গণিত ভবন: ৬৫২ জন শিক্ষার্থীর জন্য দুটি লিফট, ৩৩ জন শিক্ষকের জন্য একটি।
  • আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ: ১০টি বিভাগের প্রায় ৩ হাজার শিক্ষার্থীর জন্য দুটি লিফট, ২২৯ জন শিক্ষকের জন্যও দুটি।

ভবনভিত্তিক হিসাবে কোথাও শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য লিফটের সংখ্যা সমান, কোথাও শিক্ষকদের জন্য বেশি, আবার কোথাও শিক্ষার্থীদের জন্য বেশি। তবে সামগ্রিক চিত্রে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষকদের তুলনায় অনেক বেশি হলেও লিফটের সংখ্যায় ব্যবধান সামান্য।

প্রশাসন ও ডাকসুর উদ্যোগ

বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন লিফট স্থাপনে বাজেট সংকটের কথা বললেও, ট্রেজারার লিফটের সংখ্যা ও বাজেট সংক্রান্ত নীতিমালা সম্পর্কে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন। অন্যদিকে, ডাকসু নির্বাচনের পর থেকেই লিফট সংস্কার বা নতুন লিফট স্থাপনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ডাকসু নির্বাচনের পর থেকেই আমরা লিফট দুটি সংস্কার বা নতুন লিফট স্থাপনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করেছি। সর্বশেষ ইসি সভায় উপাচার্য কলা ভবনের লিফটের সংস্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নেন। অন্যদিকে, সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজনেস অনুষদের লিফটের ব্যবস্থা করার দায়িত্ব ডাকসুকে দেওয়া হয়। সে অনুযায়ী, আমরা নতুন লিফটের জন্য অর্থের সংস্থান করি। কিন্তু নতুন ডিন দায়িত্ব নেওয়ার পর জানান, তিনি লিফটটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন, তাই নতুন লিফটের প্রয়োজন নেই।

— মাজহারুল ইসলাম, ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক

শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত লিফটে ভিড় থাকায় অনেক সময় তারা শিক্ষকদের লিফট ব্যবহার করতে বাধ্য হন, কিন্তু সেখানেও কিছু শিক্ষক তাদের বাধা দেন।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]