ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র

সারা দেশে একযোগে শুরু হওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আরও কঠোর নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর নজরদারির মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে দেশের প্রতিটি কেন্দ্র ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হবে। এ লক্ষ্যে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের কেন্দ্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন এসব তথ্য জানান। তিনি বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (২ জুলাই) থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।
মন্ত্রী জানান, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা ব্যবস্থাপনায় একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর দেশের সব বোর্ড মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তাদের জন্য ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অংশ নিচ্ছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

তিনি আরও জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। একই সঙ্গে কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
পরীক্ষা মোট ৭৭টি বিষয়ে অনুষ্ঠিত হবে এবং ২১ দিনের মধ্যে লিখিত পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান চলবে।
নকলের অভিযোগে আলোচিত ভেন্যু কেন্দ্রগুলো এবার বাতিল করা হয়েছে বলেও জানান শিক্ষা মন্ত্রী। তবে হাওর, পার্বত্য এলাকা ও দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় কয়েকটি বিশেষ ভেন্যু কেন্দ্র রাখা হয়েছে। এছাড়া সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের পরীক্ষার্থীদের ধর্মীয় অনুশীলনের বিষয়টি বিবেচনায় শনিবারের পরীক্ষা সূর্যাস্তের পর বিশেষ ব্যবস্থায় আয়োজন করা হবে।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
