ভিসি নিয়োগ ও অনার্স কোর্স নিয়ে সমালোচনার জবাব দিলেন শিক্ষামন্ত্রী

ভিসি নিয়োগ ও অনার্স কোর্স নিয়ে সমালোচনার জবাব দিলেন শিক্ষামন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) হিসেবে আরবি বিভাগের একজন শিক্ষককে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে, সে বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসি নিয়োগের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট কোনো সমস্যা বা অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

এদিকে বিভিন্ন মহলে অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শনের মতো বিষয় বাতিল বা আসন কমানোর আলোচনা নিয়ে যে গুঞ্জন চলছে, তা নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বাংলা দেশের মাতৃভাষা এবং এ ধরনের বিষয় বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। এ বিষয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্তও হয়নি।
মন্ত্রী আরও জানান, বর্তমান বিশ্ব ও কর্মবাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন বিষয় ও কোর্স চালুর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে কারিগরি ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণে জোর দেওয়া হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে মানবিক বিভাগের ঐতিহ্যবাহী বিষয়গুলো বাদ দেওয়া হবে।
শিক্ষা খাতে শিক্ষক সংকটের কথাও উল্লেখ করেন তিনি। জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের কাজ চলমান রয়েছে এবং ধাপে ধাপে শিক্ষক স্বল্পতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ড. মিলনের ভাষ্য, সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করা। শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি এবং বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
ভিসি নিয়োগ ও অনার্স কোর্স নিয়ে সমালোচনার জবাব দিলেন শিক্ষামন্ত্রী
এসএসসি-এইচএসসির বিষয় ও পরীক্ষার দিন কমানোর চূড়ান্ত পথে সরকার
১৮ ধাপের বেড়াজালে বেসরকারি শিক্ষকদের বেতন: ডিজিটাল যুগেও কাটেনি দীর্ঘসূত্রতা
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে ফের পরিবর্তনের আভাস
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন: চলতি সপ্তাহেই জিও জারির সম্ভাবনা
ঈদের ছুটিতে ফাঁকা এনসিটিবিতে অতিরিক্ত সচিবের আকস্মিক উপস্থিতি, নেপথ্যে কী?
