এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্বচ্ছ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত সভায় তিনি আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নকল প্রতিরোধে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা সভায় অংশ নিয়ে পরীক্ষা আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীন আটটি জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে এক লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ
একক প্রশ্নপত্রে এইচএসসি-আলিম পরীক্ষা, সব বোর্ডে অভিন্ন ব্যবস্থার ঘোষণা
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ
ভিসি নিয়োগ ও অনার্স কোর্স নিয়ে সমালোচনার জবাব দিলেন শিক্ষামন্ত্রী
এসএসসি-এইচএসসির বিষয় ও পরীক্ষার দিন কমানোর চূড়ান্ত পথে সরকার
