এসএসসির খাতা সংগ্রহে চরম গাফিলতি: ২৩৫ শিক্ষককে বোর্ডের আল্টিমেটাম, অন্যথায় আইনি ব্যবস্থা

পাবলিক পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ ও মূল্যায়নে শিক্ষকদের চরম দায়িত্বহীনতা ও অবহেলার চিত্র ফের সামনে এসেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের খাতা নির্ধারিত দিনে সংগ্রহ করেননি ২৩৫ জন পরীক্ষক। এর ফলে উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অনুপস্থিত ওই শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (৪ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে অনুপস্থিত পরীক্ষকদের মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে উত্তরপত্র সংগ্রহের জন্য চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের উত্তরপত্র মূল্যায়নের জন্য ই-টিআইএফভুক্ত শিক্ষকদের পরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। খাতা সংগ্রহের জন্য গত ৩০ এপ্রিল বোর্ড থেকে ওই শিক্ষকদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছিল। নির্দেশনা অনুযায়ী ৪ মে তাদের খাতা গ্রহণের কথা থাকলেও, ২৩৫ জন পরীক্ষক তা সংগ্রহ করতে আসেননি।

চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে বলা হয়েছে, "আপনার প্রতিষ্ঠানের যেসব পরীক্ষক এখনো খাতা সংগ্রহ করেননি, তাদের আগামী ৫ মে সকাল ১১টার মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে উত্তরপত্র গ্রহণ করতে নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে"।
শিক্ষানুরাগী ও সংশ্লিষ্টরা বলছেন, পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের মতো একটি স্পর্শকাতর বিষয়ে শিক্ষকদের এমন সীমাহীন অবহেলা কোনোভাবেই কাম্য নয়। পরীক্ষকদের এ ধরনের খামখেয়ালিপনার চরম খেসারত দিতে হয় পরীক্ষার্থীদের। দীর্ঘদিন ধরেই একাংশ শিক্ষকের এমন দায়িত্বহীন আচরণের অভিযোগ উঠলেও, দৃষ্টান্তমূলক কোনো শাস্তির নজির না থাকায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে ফের পরিবর্তনের আভাস
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন: চলতি সপ্তাহেই জিও জারির সম্ভাবনা
ঈদের ছুটিতে ফাঁকা এনসিটিবিতে অতিরিক্ত সচিবের আকস্মিক উপস্থিতি, নেপথ্যে কী?
বুয়েটসহ দেশের ১২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
২০২৭ সালের এসএসসির খসড়া রুটিন দেখুন এখানে
সেশনজট নিরসনে বড় সিদ্ধান্ত: জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা
