‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ

দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বৃক্ষরোপণ, র্যালি আয়োজন এবং জলবায়ু সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক নির্দেশনায় জানানো হয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগকে সফল করতে অধিদপ্তরের আওতাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের মাধ্যমে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অনুদানের অর্থ ব্যবহার করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করতে হবে। পাশাপাশি কর্মসূচি উপলক্ষে ব্যানার ও ফেস্টুন প্রস্তুত, সেমিনার আয়োজন এবং শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে র্যালির ব্যবস্থা করতে হবে।

মাউশি জানিয়েছে, আগামী ২৯ জুন সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যম সরাসরি সম্প্রচার করবে। এছাড়া নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কর্মসূচির দিন শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে জলবায়ুবিষয়ক ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের ব্যবস্থা রাখতে হবে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে র্যালি আয়োজনেরও নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ
একক প্রশ্নপত্রে এইচএসসি-আলিম পরীক্ষা, সব বোর্ডে অভিন্ন ব্যবস্থার ঘোষণা
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ
ভিসি নিয়োগ ও অনার্স কোর্স নিয়ে সমালোচনার জবাব দিলেন শিক্ষামন্ত্রী
এসএসসি-এইচএসসির বিষয় ও পরীক্ষার দিন কমানোর চূড়ান্ত পথে সরকার
