ঈদের ছুটিতে ফাঁকা এনসিটিবিতে অতিরিক্ত সচিবের আকস্মিক উপস্থিতি, নেপথ্যে কী?

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্তমানে টানা সরকারি ছুটি চলছে। এই ছুটির আওতায় রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সংশ্লিষ্ট দপ্তরগুলো। সবাই যখন ঈদের আমেজে ব্যস্ত, ঠিক তখনই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। সরকারি ছুটির দিনটিতেই সম্পূর্ণ ফাঁকা এনসিটিবি অফিসে হাজির হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী। তিনি বর্তমানে এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই আকস্মিক ও অঘোষিত উপস্থিতি ঘিরে এখন এনসিটিবির ভেতরে-বাইরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।
গত ২৭ মে (বুধবার) অনুসন্ধানে জানা যায়, ছুটির দিনে এনসিটিবির নিয়মিত কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকা সত্ত্বেও অতিরিক্ত সচিবের এই উপস্থিতি খোদ প্রতিষ্ঠানটির কর্মকর্তাদেরও বিস্মিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির এক কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে বলেন, "সব কার্যক্রম বন্ধ, কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে রয়েছেন। এমন সময়ে কোনো সভা বা মিটিং হওয়ারও বিন্দুমাত্র সম্ভাবনা নেই। অফিস একেবারেই ফাঁকা, কোনো প্রশাসনিক কাজও নেই। তাহলে অতিরিক্ত সচিব হঠাৎ কেন এলেন, সেটাই আমাদের কাছেও বড় প্রশ্ন।"
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ মে সর্বশেষ অফিস করেছেন এই অতিরিক্ত সচিব। তিনি যে ঢাকার বাইরে যাননি, সেটিও নিশ্চিত হওয়া গেছে। ছুটির দিনে তার পূর্বনির্ধারিত কোনো সভা বা সরকারি বিশেষ কোনো কার্যক্রম ছিল কি না, তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিশ্চিত করতে পারেননি। ফলে ছুটির দিনের এই উপস্থিতিকে অনেকেই সাধারণ কোনো প্রশাসনিক সফর হিসেবে মানতে নারাজ; বরং এর পেছনে অন্য কোনো গোপন উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা।

এদিকে এনসিটিবির চেয়ারম্যান পদটি নিয়ে আগে থেকেই এক ধরনের চাপা অসন্তোষ বিরাজ করছে। এই পদটি মূলত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য নির্ধারিত। কিন্তু গত কয়েক মাস ধরে প্রশাসন ক্যাডারের এই অতিরিক্ত সচিব তার মূল দায়িত্বের পাশাপাশি এনসিটিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদটি আঁকড়ে আছেন। বিষয়টি নিয়ে শিক্ষা ক্যাডারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।
প্রসঙ্গক্রমে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তৎকালীন চুক্তিভিত্তিক সচিব সিদ্দিক জোবায়ের ঘন ঘন এনসিটিবিতে যেতেন এবং সেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতেন। অতীতের সেই ঘটনার সাথে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছুটির দিনের এই রহস্যময় উপস্থিতির কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়েও শিক্ষাঙ্গনে নানা জল্পনা-কল্পনা ডালপালা মেলছে।
শিক্ষা প্রশাসন এর আরও খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আজও সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
১২০০ কোটি টাকার আন্তর্জাতিক অনুদান, প্রশিক্ষণ পাবেন প্রায় ১৪ লাখ শিক্ষক
ঢাকায় বসেই নজরদারি, সিসিটিভির আওতায় দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্র
এইচএসসি পরীক্ষায় নজরদারি জোরদার, প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতির নির্দেশ
