শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

শিক্ষা খাতে যুগান্তকারী সংস্কার: জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য ও আধুনিকায়নে মহাপরিকল্পনা

শিক্ষাপথ ডেস্ক
১০ দিন আগে
শিক্ষা খাতে যুগান্তকারী সংস্কার: জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য ও আধুনিকায়নে মহাপরিকল্পনা
শিক্ষা খাতে যুগান্তকারী সংস্কার: জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য ও আধুনিকায়নে মহাপরিকল্পনা
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

যেকোনো জাতি গঠনের মূল ভিত্তি শিক্ষাকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করে যুগান্তকারী সংস্কারের পথে হাঁটছে বর্তমান সরকার । দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং কর্মমুখী শিক্ষার প্রসারে বহুমুখী মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে । এই পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য হলো শিক্ষা খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ নিশ্চিত করা ।

বাজেটে রেকর্ড বরাদ্দ ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা

শিক্ষা খাতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২০,৮৩৫.৪৪ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় ৫২.৯২ শতাংশ বেশি । এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ১৮,৪৫৬.৯৯ কোটি টাকার বাজেট প্রাক্কলন করা হয়েছে।

News details square ads

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনায় মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে । 'লেইস' (LASE) প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাসহ মোট ১০ হাজার ৩৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার ৬৮০টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । ১৫টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই এবং ১১টি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল লাইব্রেরি চালু করা হয়েছে ।

শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ ও 'ওয়ান টিচার, ওয়ান ট্যাব'

শিক্ষাদান পদ্ধতির একটি বড় সংস্কার হিসেবে 'ওয়ান টিচার, ওয়ান ট্যাব' কর্মসূচি হাতে নেওয়া হয়েছে । শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, শিক্ষকরা যেন ডিজিটাল কনটেন্ট, লেসন প্ল্যান এবং শিক্ষার্থীর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

শিক্ষক সংকট দূর করতে সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। এছাড়া প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্য পদ এবং ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রথমবারের মতো এনটিআরসির মাধ্যমে সম্পূর্ণ মেধা ও পরীক্ষার ভিত্তিতে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে । পাশাপাশি, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে গত ৬ মে ২০২৬ তারিখে সংশোধিত বদলি নীতিমালা জারি করা হয়েছে ।

শিক্ষার্থীদের জন্য অভূতপূর্ব সুবিধা

শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে প্রতি বছর পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি ফি নেওয়ার প্রথা বাতিল করা হয়েছে । আধুনিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সর্বস্তরে শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে । বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি দেওয়ার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

ক্রীড়া, সংস্কৃতি ও নজরদারি জোরদার

পাবলিক পরীক্ষাগুলোতে নকল ও প্রশ্নফাঁস রোধে কেন্দ্রভিত্তিক ডিজিটাল মনিটরিং জোরদার করা হচ্ছে । শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে এবং মহানগর পর্যায়ে মাঠগুলো উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে । এছাড়া উপজেলা পর্যায়ে ছয়টি খেলায় মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে । শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে আবারো শুরু হয়েছে জনপ্রিয় প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি', যেখানে প্রথমবারের মতো ক্রীড়া ও কোরআন তিলাওয়াত যুক্ত করা হয়েছে । দেশব্যাপী বইপড়াকে উৎসাহিত করতে এবং শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রমে আগ্রহী করতে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসনও বরাদ্দ করা হয়েছে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]