শিক্ষকতায় টিকতে পিটিআই পাস বাধ্যতামূলক, কওমি শিক্ষায় আসছে বড় সংস্কার: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত সাড়ে ১৪ হাজার শিক্ষকের চাকরি স্থায়ী করার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে সরকার। চাকরিতে যোগদানের পর বাধ্যতামূলক পিটিআই (প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট) প্রশিক্ষণে অকৃতকার্য হলে তাদের শিক্ষকতা করার সুযোগ বাতিল করা হবে। শিক্ষার মানোন্নয়ন ও যোগ্য শিক্ষক নিশ্চিত করতেই এমন যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
রোববার বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বিষয়টি স্পষ্ট করে বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী দুই বছরের সন্তোষজনক চাকরি শেষে এসব শিক্ষকদের স্থায়ী করা হবে। তিনি জোর দিয়ে বলেন, "আমাদের একমাত্র লক্ষ্য দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা। আমরা চাই মেধাবী ও যোগ্য মানুষরাই মহান এই পেশায় আসুক। শিক্ষকদের যোগ্যতায় কোনো ঘাটতি আছে কি না, তা পিটিআই ট্রেনিংয়ের মাধ্যমেই যাচাই করা হবে।"

একই দিন কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থা নিয়েও সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কওমি শিক্ষাধারাকে সাধারণ শিক্ষা ব্যবস্থার সমতুল্য (স্ট্যান্ডার্ডাইজড) করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ শিক্ষার এসএসসি, এইচএসসি এবং স্নাতকোত্তরের সঙ্গে কওমি স্তরের দাখিল, আলিম, কামিল ও দাওয়া ডিগ্রির সামঞ্জস্য তৈরি করা হবে।
এহছানুল হক মিলন আরও জানান, কওমি মাদরাসা বোর্ডগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি তাদের কারিকুলামে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে কওমি প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে তিন দফা আলোচনা সম্পন্ন হয়েছে। সরকার কোনোভাবেই কওমি শিক্ষার্থীদের মূলধারা থেকে পিছিয়ে রাখতে চায় না; বরং তাদের আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত করতে প্রস্তুত।
পাশাপাশি শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন এবং শিক্ষাক্রম যুগোপযোগী করার বিষয়েও কাজ চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। মাঠ পর্যায়ে শিক্ষার প্রসারে জেলা প্রশাসকদের (ডিসি) ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার প্রতিটি স্তরে ডিসিদের নিবিড় সম্পৃক্ততা রয়েছে। তারা যখন যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাবেন, তখন তাদের শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ দেওয়ার বিষয়টিও সরকার ইতিবাচকভাবে দেখছে।
শিক্ষাঙ্গন এর আরও খবর
প্রাথমিকে জুলাইয়ের মধ্যে পঠন ও গণিত দক্ষতা নিশ্চিতের তাগিদ: অবহেলায় শিক্ষকদের শাস্তির হুঁশিয়ারি
শিক্ষা খাতে যুগান্তকারী সংস্কার: জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য ও আধুনিকায়নে মহাপরিকল্পনা
এইচএসসি পরীক্ষা ২০২৬: উত্তরপত্র ও সরঞ্জাম বিতরণে ঢাকা বোর্ডের নতুন নির্দেশনা
কাল থেকেই শুরু প্রাথমিকের ছুটি, ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে সব বিদ্যালয়
ব্রাইট স্কুলে ছাত্রীর আত্মহত্যা: চেয়ারম্যানের বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস
শিক্ষার্থীদের মানসিক ও আর্থিক চাপ কমাতে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত: শিক্ষা মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত
