খাতা পুনর্মূল্যায়নে আসছে বড় পরিবর্তন, নম্বর যোগের ভুলের বাইরে দেখা হবে মূল্যায়নের মানও
.jpeg&w=3840&q=75)
বোর্ড পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন বা ‘খাতা চ্যালেঞ্জ’ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে শুধু নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না তা যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পুনর্মূল্যায়ন। পরীক্ষকের মূল্যায়ন যথাযথ হয়েছে কি না, কোনো প্রশ্নে পরীক্ষার্থী প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত হয়েছে কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রী বলেন, আগে খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে মূলত নম্বর গণনায় কোনো ভুল রয়েছে কি না তা যাচাই করা হতো। তবে আইনি পরিবর্তনের মাধ্যমে এখন এই প্রক্রিয়ার পরিধি বাড়ানো হয়েছে। ফলে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষক নির্ধারিত নীতিমালা অনুসরণ করেছেন কি না এবং কোনো উত্তরের তুলনায় কম নম্বর দেওয়া হয়েছে কি না, সেসব বিষয়ও পুনরায় পর্যালোচনার সুযোগ থাকবে।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।
নকল ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে শিক্ষা মন্ত্রী বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়।
শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী আরও বলেন, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার পর এখন শিক্ষার গুণগত মান বৃদ্ধি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে পরীক্ষার্থীদের বিক্ষোভ
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অনুপস্থিত
নিজ প্রতিষ্ঠানে সন্তান ভর্তি না করায় শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর প্রশ্ন, সভায় বিব্রতকর পরিস্থিতি
খাতা পুনর্মূল্যায়নে আসছে বড় পরিবর্তন, নম্বর যোগের ভুলের বাইরে দেখা হবে মূল্যায়নের মানও
এইচএসসি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর বার্তা: দায় এড়াতে পারবেন না কেন্দ্র ও প্রতিষ্ঠান প্রধানও
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পুনঃসুপারিশের দাবি
