জিপিএ-৫ এর মোহ ত্যাগ করে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথাগত জিপিএ-৫ কেন্দ্রিক শিক্ষার ওপর নির্ভরতা কমিয়ে নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বিজ্ঞানসম্মত মডেলে রূপান্তর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘চায়না-বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বর্তমান ব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, দেশের শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে প্রয়োজনীয় সমন্বয় থাকা দরকার, বর্তমানে তার অভাব রয়েছে। এই শূন্যতা দ্রুত পূরণ করতে হবে। আমাদের বিপুল জনশক্তিকে সরাসরি কর্মসংস্থানের উপযোগী এবং দক্ষ মানবসম্পদে পরিণত করার বিকল্প নেই।

গুণগত শিক্ষা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর জানিয়ে ড. মিলন বলেন, আমরা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি ঠিকই, তবে গুণগত শিক্ষা নিশ্চিতে যা যা প্রয়োজন বর্তমান সরকার তার সবই করবে। এ সময় তিনি শিক্ষকদের গতানুগতিক বছর শেষের পরীক্ষার ওপর নির্ভর না করে প্রতিদিনের শ্রেণিকক্ষে পাঠদান ও সঠিক ধারাবাহিক মূল্যায়নের তাগিদ দেন। এছাড়া শিক্ষাক্রম ও একাডেমিক ক্যালেন্ডারে যুগোপযোগী পরিবর্তনের কথাও জানান মন্ত্রী।
বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। বিশেষ করে চীনা ভাষা শিখলে আমাদের শিক্ষার্থীদের সামনে আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার ব্যাপক সম্ভাবনা তৈরি হবে। চীনে উন্নত ও সাশ্রয়ী উচ্চশিক্ষার সুযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশটিতে প্রায় ১৬ হাজার বাংলাদেশি শিক্ষার্থী সফলতার সঙ্গে অধ্যয়ন করছে। চীনের সহায়তায় কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
ঢাকাস্থ চীনা দূতাবাস এবং চীন-বাংলাদেশ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সমিতির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।
ফোরামে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বুয়েট উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। এছাড়াও দুই দেশের শিক্ষাসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শিক্ষাঙ্গন এর আরও খবর
প্রাথমিকে জুলাইয়ের মধ্যে পঠন ও গণিত দক্ষতা নিশ্চিতের তাগিদ: অবহেলায় শিক্ষকদের শাস্তির হুঁশিয়ারি
শিক্ষা খাতে যুগান্তকারী সংস্কার: জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য ও আধুনিকায়নে মহাপরিকল্পনা
এইচএসসি পরীক্ষা ২০২৬: উত্তরপত্র ও সরঞ্জাম বিতরণে ঢাকা বোর্ডের নতুন নির্দেশনা
কাল থেকেই শুরু প্রাথমিকের ছুটি, ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে সব বিদ্যালয়
ব্রাইট স্কুলে ছাত্রীর আত্মহত্যা: চেয়ারম্যানের বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস
শিক্ষার্থীদের মানসিক ও আর্থিক চাপ কমাতে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত: শিক্ষা মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত
