শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

এইচএসসির খাতা মূল্যায়নে কড়াকড়ি নজরদারি, কম-বেশি নম্বর দিলে হবে বিশেষ পর্যালোচনা

শিক্ষাপথ ডেস্ক
২ ঘণ্টা আগে
এইচএসসির খাতা মূল্যায়নে কড়াকড়ি নজরদারি, কম-বেশি নম্বর দিলে হবে বিশেষ পর্যালোচনা
এইচএসসির খাতা মূল্যায়নে কড়াকড়ি নজরদারি, কম-বেশি নম্বর দিলে হবে বিশেষ পর্যালোচনা
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

এইচএসসি ও সমমানের পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নম্বর দেওয়ার ক্ষেত্রে অসঙ্গতি রোধে নতুন নজরদারি ব্যবস্থা চালু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অতিরিক্ত নম্বর দেওয়া (ওভার মার্কিং) কিংবা প্রয়োজনের তুলনায় কম নম্বর দেওয়া (আন্ডার মার্কিং)—উভয় বিষয়ই এবার বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে উত্তরপত্র মূল্যায়নের প্রচলিত পদ্ধতিতেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পালন করেন হাজারো শিক্ষক। অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক খাতা মূল্যায়নের কারণে অনেক ক্ষেত্রে একই ধরনের উত্তরের জন্য ভিন্ন ভিন্ন নম্বর দেওয়ার অভিযোগ ওঠে। কাজের চাপ, সময়ের সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত তদারকির অভাবকে এ ধরনের অসঙ্গতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা বোর্ডগুলোকে মূল্যায়ন প্রক্রিয়ায় আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষকদের মূল্যায়ন শেষে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে নমুনা উত্তরপত্র সংগ্রহ করে সেগুলো পুনরায় যাচাই করা হবে। এর মাধ্যমে মূল্যায়নে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

News details square ads

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে অধিক সতর্কতা নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষকদের দেওয়া নম্বর যথাযথ হয়েছে কি না, তা নমুনা খাতা বিশ্লেষণের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে বিদ্যমান আইন অনুযায়ী পুনর্মূল্যায়নের সুযোগও কার্যকরভাবে ব্যবহার করা হবে।

এর আগে খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, অনেক সময় পরীক্ষকদের দেওয়া নম্বর যথাযথভাবে তদারকি করা হয় না। কেউ প্রয়োজনের তুলনায় বেশি নম্বর দিচ্ছেন, আবার কেউ কম নম্বর দিচ্ছেন—এ ধরনের বিষয়গুলো এখন থেকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। তাই উত্তরপত্র মূল্যায়নের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রেও নতুন দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হবে। আগে শুধু নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, সেটিই যাচাই করা হতো। এখন থেকে পরীক্ষক উত্তর যথাযথভাবে মূল্যায়ন করেছেন কি না, কোনো প্রশ্নে প্রাপ্য নম্বর কম দেওয়া হয়েছে কি না—এসব বিষয়ও পুনর্মূল্যায়নের আওতায় এনে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]