মায়ের প্রতি অবহেলা: ওএসডি হলেন সেই যুগ্ম সচিব সন্তান

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা নুরজাহান বেগমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার ছেলে এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার । তিনি পেশায় একজন যুগ্ম সচিব । বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে ।
গত ৩১ মে মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ । বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পচে যাওয়া ও পোকায় আক্রান্ত মরদেহটি উদ্ধার করে । পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন । তবে বাসাটি দীর্ঘদিন ধরে অত্যন্ত অগোছালো ও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল ।
মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে সন্তানদের চরম অবহেলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে । নিহত বৃদ্ধার সন্তানরা সমাজে বেশ প্রতিষ্ঠিত । অভিযুক্ত যুগ্ম সচিব ছাড়াও তার এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে একটি স্থানীয় স্কুলের শিক্ষিকা ।

এই ন্যক্কারজনক ঘটনার পর ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনটি পুনরায় আলোচনায় এসেছে । বুধবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন । উল্লেখ্য, ওই আইনে স্পষ্টভাবে বলা আছে যে সন্তানদের ওপর পিতা-মাতার ভরণপোষণ, স্বাস্থ্যসেবা ও নিয়মিত খোঁজখবর রাখার দায়িত্ব রয়েছে এবং একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে তা পালন করতে হবে।
জাতীয় এর আরও খবর
চট্টগ্রাম-সিলেটে টানা ভারী বৃষ্টির শঙ্কা, ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
৩ মাসের মধ্যে সবচেয়ে বড় স্বস্তি: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল
মাদারগঞ্জে ট্রাকের চাপায় দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত, প্রতিবাদে সড়ক অবরোধ
বার্ষিক মজুদ যাচাইয়ে বুধবার দেশজুড়ে তেল ডিপোতে সরবরাহ বন্ধ
দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা কার্যক্রমে গতি, আবেদন জমায় প্রথম দিনেই ভিড়
৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে মেডিকেল কলেজের ক্লাস চালুর উদ্যোগ
