ত্যাগের মহিমায় দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আজ (২৮ মে) সারা দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সাম্য, ত্যাগ ও মানবিকতার শাশ্বত বার্তা নিয়ে বছর ঘুরে আবারো ফিরে এসেছে এই উৎসব। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে মানুষ ছুটে গেছেন নাড়ির টানে। ফলে আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিটি প্রাঙ্গণ, সুদৃঢ় হয়েছে চিরায়ত সামাজিক বন্ধন। ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে শুরু হওয়া টানা সরকারি ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
ঈদের দিন সকালে ধর্মপ্রাণ মুসলমানরা সাধ্যমতো নতুন বা পরিচ্ছন্ন পোশাক পরিধান করে এবং আতর মেখে ঈদগাহ ও মসজিদে ছুটে যান। ঈদের নামাজ শেষে এক কাতারে দাঁড়িয়ে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তারা। এরপরই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা হয়। ইসলামি বিধান অনুযায়ী, আর্থিকভাবে সচ্ছল প্রত্যেক মুসলমানের ওপর কোরবানি করা ওয়াজিব। আমাদের দেশে সাধারণত গরু, ছাগল ও মহিষ কোরবানি দেওয়া হলেও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে উট, দুম্বা ও ভেড়াও কোরবানি করার রেওয়াজ রয়েছে।
নিয়ম অনুযায়ী, কোরবানির পশুর মাংস সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। এর একটি অংশ কোরবানিদাতা নিজের জন্য রাখেন এবং বাকি দুই অংশ আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীদের মাঝে বণ্টন করে দেন। কেউ একাকী আবার কেউ অংশীদারত্বের ভিত্তিতে কোরবানি দিয়ে থাকেন। সামর্থ্যের ভিন্নতা থাকলেও কোরবানির এই আনন্দ সবার মাঝেই সমানভাবে ছড়িয়ে পড়ে। মহান আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান ও নিঃশর্ত আত্মত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেটিই মূলত মুসলিম উম্মাহর কাছে এই উৎসবের গভীর তাৎপর্য তুলে ধরে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদের মহান আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে এই উৎসব আমাদের মাঝে হাজির হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের নয়; বরং এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে।
জাতীয় এর আরও খবর
চট্টগ্রাম-সিলেটে টানা ভারী বৃষ্টির শঙ্কা, ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
৩ মাসের মধ্যে সবচেয়ে বড় স্বস্তি: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল
মাদারগঞ্জে ট্রাকের চাপায় দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত, প্রতিবাদে সড়ক অবরোধ
বার্ষিক মজুদ যাচাইয়ে বুধবার দেশজুড়ে তেল ডিপোতে সরবরাহ বন্ধ
দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা কার্যক্রমে গতি, আবেদন জমায় প্রথম দিনেই ভিড়
৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে মেডিকেল কলেজের ক্লাস চালুর উদ্যোগ
