শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

আগামী প্রজন্মের মাঝে নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করছে সরকার: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষাপথ ডেস্ক
৩ দিন আগে
আগামী প্রজন্মের মাঝে নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করছে সরকার: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী প্রজন্মের মাঝে নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করছে সরকার: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

আগামী প্রজন্মের মাঝে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা, অসহায়কে সাহায্য করা এবং বিনয়ী আচরণের মতো নৈতিক মূল্যবোধগুলো কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সে বিষয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিতার স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তার শৈশবের একটি ঘটনা তুলে ধরেন। তিনি জানান, ছোটবেলায় একবার বাড়ির এক কর্মচারীকে অপমানজনক ভাষায় সম্বোধন করায় শহীদ জিয়া তাকে কান ধরে ওই কর্মচারীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন। এই ঘটনাটিকে পারিবারিক ও সামাজিক শিক্ষার অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশে ফেরার পর সমাজে এ ধরনের মূল্যবোধের অভাব তিনি তীব্রভাবে অনুভব করেছেন। এছাড়া শহীদ জিয়ার আন্তর্জাতিক ভাবমূর্তির কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৮৬ সালে সৌদি আরবে ওমরাহ পালনের সময় এক ইন্দোনেশীয় নাগরিক বাংলাদেশ নাম শুনেই স্বতঃস্ফূর্তভাবে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেছিলেন, যা তাকে পিতার সন্তান হিসেবে অত্যন্ত গর্বিত করেছিল।

News details square ads

বর্তমান সরকারের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৫২ শতাংশ ভোটার ধানের শীষে ভোট দিয়ে যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন, তা এখন আর কেবল বিএনপির নয়, বরং জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। শহীদ জিয়ার পথনির্দেশনা অনুযায়ী খাল খনন, শিক্ষার প্রসার, পোশাক শিল্পের আদলে নতুন শিল্প বিপ্লব, বন্ধ কল-কারখানা পুনরায় চালু এবং নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালুর বিষয়গুলো এই ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকারের ২১৪ জন এমপি বা ৫০ জন মন্ত্রী একা পরিশ্রম করলেই কাঙ্ক্ষিত সফলতা আসবে না। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সারা দেশে ছড়িয়ে পড়ে একযোগে মাঠে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনগণকে সঙ্গে নিয়ে একটি সফল আন্দোলন এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সফল নির্বাচনের পর, এখন ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে সফল সরকারের কার্যক্রম সম্পন্ন করতে পারলেই শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]