শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

নবজাতক মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে তদন্ত প্রতিবেদন, কারণ নির্ধারণ হয়নি বলে দাবি আদ্-দ্বীনের

শিক্ষাপথ ডেস্ক
৩ ঘণ্টা আগে
নবজাতক মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে তদন্ত প্রতিবেদন, কারণ নির্ধারণ হয়নি বলে দাবি আদ্-দ্বীনের
নবজাতক মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে তদন্ত প্রতিবেদন, কারণ নির্ধারণ হয়নি বলে দাবি আদ্-দ্বীনের
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে ছয় নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি, এমনকি মৃত শিশুদের কারও ময়নাতদন্তও করা হয়নি।

সোমবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অবস্থান তুলে ধরা হয়। সেখানে হাসপাতালের পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, নবজাতকদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় ঘটনাটির প্রকৃত চিত্রও পরিষ্কার হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অবকাঠামো ও সেবাব্যবস্থার যেসব সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো দূর করতে ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইডের মাত্রা পরিমাপের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে। এছাড়া যে নবজাতক ওয়ার্ডটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে, সেটি সংস্কারের জন্য খুলে দেওয়ার আবেদন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

News details square ads

সংবাদ সম্মেলনে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রীর দেওয়া এক বক্তব্যেরও প্রতিক্রিয়া জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রী দাবি করেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে বিভিন্নভাবে তদবির করেছে এবং তিনি লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে ডা. শেখ মহিউদ্দিন বলেন, তিনি কখনো কোনো মন্ত্রীর পেছনে ঘোরেননি কিংবা আর্থিক সুবিধা দেওয়ার চেষ্টা করেননি। যদি এ ধরনের কোনো অভিযোগ করা হয়ে থাকে, তবে তার প্রমাণও সংশ্লিষ্ট ব্যক্তিকেই উপস্থাপন করতে হবে।

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তকে তারা সম্মান করেন। তবে এ ঘটনাকে অন্য প্রতিষ্ঠানের জন্য শিক্ষা হিসেবে বিবেচনা করা হলে তাতেও তাদের আপত্তি নেই। তার ভাষ্য, তাদের অভিজ্ঞতা থেকে দেশের অন্যান্য হাসপাতাল সেবার মান উন্নয়নের সুযোগ পেলে সেটি ইতিবাচক ফল বয়ে আনবে।

হাসপাতালের ভবনের নিরাপত্তা ও অবকাঠামোগত মান নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সরকারকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এদিকে আদ্-দ্বীনের নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আপিল করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর হাসপাতালটির বিভিন্ন কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই প্রেক্ষাপটে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।V

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]