কর্মসংস্থান ও রাজস্ব বাড়াতে বন্ধ ৬ চিনিকল পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

দেশে বর্তমানে বন্ধ থাকা ৬টি চিনিকলসহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এসব প্রতিষ্ঠান চালু হলে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। শনিবার (৯ মে) দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন এবং আখচাষিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শিল্পমন্ত্রী বলেন, 'দেশের মোট ১৫টি চিনিকলের মধ্যে ৬টিই বর্তমানে বন্ধ রয়েছে। সরকার বন্ধ থাকা এসব চিনিকলসহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে চায়।'
বন্ধ কারখানাগুলো চালুর সুফল সম্পর্কে তিনি বলেন, 'মিলগুলো চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রাজস্ব আহরণের সুযোগ বাড়বে। এতে সরকার ও জনগণ উভয়ই লাভবান হবেন। পাশাপাশি বর্তমান শ্রমিকদের কর্মসংস্থান টিকিয়ে রাখা সম্ভব হবে এবং মিলগুলোর কারণে যে ঋণের সৃষ্টি হয়েছে, তা পরিশোধের পথও উন্মুক্ত হবে।'

কারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রে সরকার বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট আখচাষি ও শ্রমিকদের স্বার্থ রক্ষা সবার আগে নিশ্চিত করতে হবে। মিলগুলো যাতে লাভজনকভাবে পরিচালনা করা যায় এবং কোনোভাবেই যেন রাষ্ট্রীয় সম্পদের অপচয় না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে সরকার। এ লক্ষ্যে মিলগুলোর সংস্কার, আধুনিকায়নের সম্ভাবনা এবং অন্যান্য বিকল্প উপায়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের আবেগের কথা মূল্যায়ন করে শিল্পমন্ত্রী আরও বলেন, 'প্রত্যেকটা এলাকার মানুষের জন্যই তার নিজস্ব শিল্প-কারখানা একটি আবেগের বিষয়, যেমনটি পঞ্চগড়ের মানুষের কাছে এই সুগার মিলটি। কারণ যখন এগুলো চালু ছিল, তখন স্থানীয়রাই কর্মসংস্থানের সুবিধা ভোগ করেছেন। আপনাদের আবেগের এই বিষয়টি আমরাও গভীরভাবে উপলব্ধি করি।'
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানসহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে পরিদর্শনকালে মিলটির শ্রমিক ও কর্মচারীরা দ্রুত বন্ধ চিনিকলটি চালুর দাবিতে শিল্পমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
জাতীয় এর আরও খবর
চট্টগ্রাম-সিলেটে টানা ভারী বৃষ্টির শঙ্কা, ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
৩ মাসের মধ্যে সবচেয়ে বড় স্বস্তি: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল
মাদারগঞ্জে ট্রাকের চাপায় দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত, প্রতিবাদে সড়ক অবরোধ
বার্ষিক মজুদ যাচাইয়ে বুধবার দেশজুড়ে তেল ডিপোতে সরবরাহ বন্ধ
দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা কার্যক্রমে গতি, আবেদন জমায় প্রথম দিনেই ভিড়
৩৩ কোটি টাকার অচল ম্যাটস ভবনে মেডিকেল কলেজের ক্লাস চালুর উদ্যোগ
