শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

১২ কেজি এলপিজির দাম ১৯৭৬ টাকা করার সুপারিশ, ব্যবসায়ীদের মাফিয়া বলায় হট্টগোল

ডেস্ক রিপোর্ট
১ দিন আগে
১২ কেজি এলপিজির দাম ১৯৭৬ টাকা করার সুপারিশ, ব্যবসায়ীদের মাফিয়া বলায় হট্টগোল
১২ কেজি এলপিজির দাম ১৯৭৬ টাকা করার সুপারিশ, ব্যবসায়ীদের মাফিয়া বলায় হট্টগোল
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম ৭.৫৭ শতাংশ বাড়িয়ে ১৯৭৬ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। গতকাল বৃহস্পতিবার এলপিজির দাম পুনর্নির্ধারণে বিইআরসি আয়োজিত দিনব্যাপী গণশুনানিতে এই সুপারিশ পেশ করা হয়।

যদিও সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা এলপিজির দাম ২১.৫ শতাংশ বাড়িয়ে ২,২৩২ টাকা করার দাবি জানিয়েছেন। কমিশন আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। উল্লেখ্য, চলতি অক্টোবরের শুরুতে বিইআরসি এই দাম ১,৮৩৭ টাকা নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু বাজারে প্রতিটি সিলিন্ডার ২,১০০-২,৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

গণশুনানির প্রেক্ষাপট ও অংশগ্রহণ

রাজধানীর বিয়াম মিলনায়তনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে কমিশনের পক্ষে সদস্য (অর্থ, প্রশাসন ও আইন) আব্দুর রাজ্জাক, সদস্য (গ্যাস) মিজানুর রহমান, সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

News details square ads

শুনানিতে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব), বাংলাদেশ অর্থনীতি সমিতি, সাসটেইনেবল এনার্জি রিসার্চ অ্যান্ড অ্যাকশন্স (সেরা), এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি, সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমদ বলেন, “সাধারণ মানুষ যেন যৌক্তিক মূল্যে এলপিজি পায় এবং ব্যবসায়ীরা যাতে লোকসানের শিকার না হন, আমরা দুদিকে ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করব।”

তিনি আরও জানান, আগের মতোই মাসের প্রথম সপ্তাহে মূল্য ঘোষণা করা হবে এবং কমিশন চেষ্টা করছে যাতে ১-২ তারিখের মধ্যে মূল্য ঘোষণা করা যায়। ব্যাংকিং সমস্যার কারণে যেসব আমদানিকারক এলসি খুলতে পারছেন না, তাদের দ্রুত এলসি খোলার ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলার আশ্বাসও দেন তিনি।

কমিশন ও ব্যবসায়ীদের প্রস্তাব

বিভিন্ন কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ৪৭৮ টাকা পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো:

  • ওমেরা: ৪৭৮ টাকা
  • পেট্রোম্যাক্স: ৩৪৯ টাকা
  • ডেল্টা: ৩৬০ টাকা
  • মেঘনা গ্রুপ: ৩০০ টাকা

অন্যদিকে, পরিবেশকরা কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের আবেদন করেন।

অর্থনীতি সমিতির প্রতিবাদ ও শুনানি বয়কট

গণশুনানির একপর্যায়ে এলপিজি সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি, বিইআরসির নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি এবং কমিশনের জবাবদিহি নিশ্চিত না হওয়া ও বাজার অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও পাঁচ কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে অর্থনীতি সমিতির প্রতিনিধি অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান শুনানি বয়কট করেন।

তিনি অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের প্রতিবেদনে পাঁচটি এলপিজি সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ আনা হয়েছে। তিনি জানতে চান, এসব অভিযোগ নিষ্পত্তি হয়েছে কি না এবং অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত দামে এলপিজি বিক্রির মাধ্যমে ভোক্তাদের কাছ থেকে আদায় করা প্রায় ৬৩০ কোটি টাকা অতিরিক্ত অর্থের বিষয়ে বিইআরসি কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

'মাফিয়া' শব্দ ব্যবহার নিয়ে হট্টগোল

শুনানির শেষদিকে এলপিজি ব্যবসায়ীদের 'মাফিয়া' অভিহিত করাকে কেন্দ্র করে তীব্র হট্টগোল হয়। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সদস্য শাহ আলম সরকার বলেন, “বিইআরসি একটা দাম নির্ধারণ করেই দায়িত্ব শেষ করে দেয়। এলপিজি ব্যবসায়ীরা গ্রাহকের কাছ থেকে তাদের ইচ্ছামতো দাম আদায় করেন। এসব মাফিয়া ডনদের নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই।”

এ সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমদ 'মাফিয়া' শব্দ ব্যবহারে আপত্তি জানালে শাহ আলম সরকার এর প্রতিবাদ করেন। তিনি বলেন, “পত্রিকাগুলো তাদের অহরহ মাফিয়া বলছে। মানুষের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলছে। ১,৮৩৭ টাকার সিলিন্ডার আড়াই হাজার টাকায় কিনতে হচ্ছে। আপনারা কেবল দাম ঘোষণা করেই বসে আছেন। তাদের মাফিয়া বলব না, তো কী বলব?” চেয়ারম্যানের এই মন্তব্যে উপস্থিত সাধারণ শ্রোতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং হলরুমে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]