অনার্স কোর্স নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশনা, শিক্ষা ব্যবস্থায় সময় অপচয় কমাতে নতুন বার্তা

দেশের শিক্ষা ব্যবস্থায় সময় অপচয় কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্স চার বছরের মধ্যেই শেষ করতে হবে এবং এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে প্রয়োজনীয় সমন্বয় আনা হবে।
মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে শিক্ষার্থীদের মূল্যবান সময়ের অপচয় বন্ধ করতে হবে। সে লক্ষ্যেই আগাম পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন আগেভাগে প্রকাশ করা হয়েছে, যাতে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে। একই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমও আরও সমন্বিত ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

ড. মিলন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই। শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে তাদের শিক্ষাজীবন সম্পন্ন করতে পারবে।
সভায় তিনি শিক্ষক সমাজের ভূমিকাকেও বিশেষভাবে গুরুত্ব দেন। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আত্মপ্রণোদনার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের নিজেদের কর্মদক্ষতা ও অবদানের মাধ্যমে সমাজে সম্মান অর্জন করতে হবে।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও সতর্কবার্তা দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সময়ের সঙ্গে নকলের ধরনও পরিবর্তিত হয়েছে। এখন অনেকেই বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করে। এ কারণে কেন্দ্রসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক থাকতে হবে এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্য সুদৃঢ় করা সম্ভব। দেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি পার্বত্য এলাকাতেও শিক্ষার প্রসার ও মানোন্নয়নে ব্যাপক কাজ করার প্রয়োজন রয়েছে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উচ্চ শিক্ষা এর আরও খবর
অনার্স কোর্স নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশনা, শিক্ষা ব্যবস্থায় সময় অপচয় কমাতে নতুন বার্তা
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে উদ্বেগ: বিএমডিসি সভাপতির প্রশ্ন—সিদ্ধান্ত কি যথেষ্ট যাচাইয়ের পর নেওয়া হয়েছে?
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে ১৫ জুলাই থেকে একযোগে ক্লাস শুরু
বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি: শিক্ষামন্ত্রী
বেসরকারি মেডিকেল শিক্ষায় নতুন সুযোগ: মুন্নু মেডিকেল কলেজে বাড়ছে ভর্তির আসন
নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন
