নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন

নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন প্রদান করা হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সরকারি এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত একটি স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নরসিংদীতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে প্রশাসনিক ও নীতিগত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মন্ত্রিত্ব গ্রহণের পর নিজ জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার অবকাঠামো সম্প্রসারণে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জোরদার করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে নরসিংদীসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষার আরও বিস্তৃত সুযোগ পাবে। একই সঙ্গে অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসক তৈরির সক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসা অবকাঠামো সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উচ্চ শিক্ষা এর আরও খবর
অনার্স কোর্স নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশনা, শিক্ষা ব্যবস্থায় সময় অপচয় কমাতে নতুন বার্তা
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে উদ্বেগ: বিএমডিসি সভাপতির প্রশ্ন—সিদ্ধান্ত কি যথেষ্ট যাচাইয়ের পর নেওয়া হয়েছে?
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে ১৫ জুলাই থেকে একযোগে ক্লাস শুরু
বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি: শিক্ষামন্ত্রী
বেসরকারি মেডিকেল শিক্ষায় নতুন সুযোগ: মুন্নু মেডিকেল কলেজে বাড়ছে ভর্তির আসন
নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন
