শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ উদ্যোগ: বিশেষ বিসিএসের মাধ্যমে আসছে ৫ হাজার নতুন চিকিৎসক

শিক্ষাপথ ডেস্ক
২২ ঘণ্টা আগে
স্বাস্থ্যখাতে বড় নিয়োগ উদ্যোগ: বিশেষ বিসিএসের মাধ্যমে আসছে ৫ হাজার নতুন চিকিৎসক
স্বাস্থ্যখাতে বড় নিয়োগ উদ্যোগ: বিশেষ বিসিএসের মাধ্যমে আসছে ৫ হাজার নতুন চিকিৎসক
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

দেশজুড়ে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে এবং চিকিৎসক সংকট দূর করতে বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য ক্যাডারে নতুন পাঁচ হাজার পদ সৃষ্টির কার্যক্রম শুরু হয়েছে। প্রস্তাবিত পদগুলোর মধ্যে চার হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের ফলে চিকিৎসকের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পরিকল্পনা অনুযায়ী ৩১ শয্যার হাসপাতালগুলোকে ৫০ শয্যায়, ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় এবং জেলা সদর পর্যায়ের ১০০ শয্যার হাসপাতালগুলোকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য প্রশিক্ষণ ও পড়াশোনায় যুক্ত থাকেন। অন্যদিকে অনেক চিকিৎসক অবসরেও যাচ্ছেন। ফলে উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক সংকট তৈরি হচ্ছে, যা সেবা কার্যক্রমে প্রভাব ফেলছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে বড় পরিসরে জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

News details square ads

জানা গেছে, নতুন পদ সৃষ্টির প্রক্রিয়া এগিয়ে নিতে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরে প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের নির্দেশনা পাঠানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর বর্তমানে নির্ধারিত নিয়ম অনুসরণ করে পদ সৃষ্টির আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

স্বাস্থ্যসেবা বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব পাওয়ার পর তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তী প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হওয়ার পর নিয়োগ কার্যক্রমের আনুষ্ঠানিক ধাপ শুরু হবে।

এদিকে সরকারি কর্ম কমিশন জানিয়েছে, বিশেষ বিসিএস আয়োজনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা তাদের কাছে পৌঁছেনি। তবে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া মাত্র দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ ও পরীক্ষা আয়োজনের প্রস্তুতি রয়েছে কমিশনের।

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনা অনুযায়ী নিয়োগ সম্পন্ন হলে উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান ও প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]