শিক্ষাপথ
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]

৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনের নিয়োগ, থাকছে ১৪টি কঠোর শর্ত

ডেস্ক রিপোর্ট
২ ঘণ্টা আগে
৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনের নিয়োগ, থাকছে ১৪টি কঠোর শর্ত
৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনের নিয়োগ, থাকছে ১৪টি কঠোর শর্ত
Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৬০ ]

৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ: বিস্তারিত প্রজ্ঞাপন জারি

৪৫তম বিসিএসের মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মোট ৩৮৩ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নিয়োগে ১৪টি সুনির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সশরীরে উপস্থিত হয়ে প্রভাষক পদে যোগদান করতে হবে। একই দিনে তাঁদের আট দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণেও অংশ নিতে হবে, যা ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

রবিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের আলোকে এই ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তাঁদের বেতনক্রম ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়োগের মূল শর্তসমূহ

শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের জন্য আরোপিত ১৪টি শর্তের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিচে তুলে ধরা হলো:

News details square ads
  • সকল নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
  • বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাঁদের চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নির্ধারিত পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
  • তাঁদেরকে ২ (দুই) বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। সরকার প্রয়োজনে এই শিক্ষানবিসকাল অনূর্ধ্ব দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। শিক্ষানবিসকালে অনুপযোগী বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ ব্যতিরেকে চাকরি থেকে অপসারণ করা যাবে।
  • প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাঁদের চাকরিতে স্থায়ী করা হবে।
  • প্রশিক্ষণে যাওয়ার পূর্বে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একজন জামানতদারসহ একটি বন্ড সম্পাদন করতে হবে। এই বন্ড অনুযায়ী, যদি তিনি শিক্ষানবিসকালে অথবা শিক্ষানবিসকাল উত্তীর্ণ হওয়ার ৩ (তিন) বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে তাঁকে প্রদত্ত বেতন-ভাতা এবং প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন।
  • যদি কোনো কর্মকর্তা বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন, তবে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
  • চাকরিতে যোগদানের সময় ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে এই মর্মে যে, তিনি নিজে বা তাঁর পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ করবেন না এবং কোনো যৌতুক প্রদান করবেন না।
  • The Government Servants (Conduct) Rules, 1979 এর ১৩(১) উপবিধি অনুযায়ী, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন/দখলে থাকা সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র চাকরিতে যোগদানের সময় সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
  • মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তীতে যাচাই-বাছাইকালে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিক তাঁর নিয়োগ বাতিল হবে এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে। এছাড়া, প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি এমন ক্ষেত্রে তাঁর চাকরির বিষয়ে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ প্রযোজ্য হবে এবং সরকার কর্তৃক ভবিষ্যতে প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকরি নিয়ন্ত্রিত হবে। চাকরিতে যোগদানের জন্য তিনি কোনো ভ্রমণভাতা পাবেন না।

Advertisement[ বিজ্ঞাপন — ৯৭০×৯০ ]